২০২২ সালে ধুলুর কাছ থেকে ৩০ হাজার টাকা ধার নিয়েছিলেন ফজলু। এর বিপরীতে ৪৩ হাজার টাকা সুদও শোধ দেন তিনি।
ঋণের টাকা আর সুদের চাপ সহ্য করতে না পেরে গ্রাম ছেড়ে শহরে পালিয়ে গিয়ে রিকশা চালাতেন ফজলুর রহমান ফজলু (৫৫)। কিন্তু শেষ পর্যন্ত বাড়ি ফিরলেন লাশ হয়ে। রাজশাহীর মোহনপুরের সুদ কারবারি ধুলু মিয়ার বিরুদ্ধে তাঁকে হত্যার অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে হাত-পা বাঁধা অবস্থায় গুরুতর আহত ফজলুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে মৃত্যুশয্যায় তিনি স্বজনদের কাছে ধুলু মিয়ার নাম বলে যান। ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে ধুলুকে গ্রেপ্তার করে।
নিহতের স্ত্রী আনজুয়ারা বিবির দায়ের করা মামলায় বলা হয়, ২০২২ সালে ধুলুর কাছ থেকে ৩০ হাজার টাকা ধার নিয়েছিলেন ফজলু। এর বিপরীতে ৪৩ হাজার টাকা সুদও শোধ দেন তিনি। কিন্তু ধুলু আরও ৩০ হাজার টাকা দাবি করেন। বিষয়টি নিয়ে গ্রামে সালিস বসে এবং ১৫ হাজার টাকায় মীমাংসা হয়। কিন্তু ধুলু তা মানেননি। এরপর থেকেই তিনি ক্ষুব্ধ ছিলেন এবং নানা হুমকি দিতেন।
হুমকির ভয়ে ফজলু পরিবার-পরিজন ফেলে রাজশাহী শহরে চলে যান এবং রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। মাঝে মধ্যে বাড়ি ফিরলেও নিয়মিত থাকা সম্ভব হতো না।
গত ১৪ আগস্ট সন্ধ্যায় শহর থেকে কেশরহাট হয়ে গ্রামের পথে রওনা দেন ফজলু। রাত ১১টার দিকে বাড়ির পাশের এক চায়ের দোকানের সামনে হাত-পা বাঁধা অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তখন তাঁর মুখ দিয়ে লালা ঝরছিল, গন্ধ আসছিল বিষের। প্রথমে মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে বড় ছেলে শাহ আলমকে ফজলু জানান, ধুলুসহ কয়েকজন মিলে তাঁকে বেঁধে মারধর করেছে এবং মুখে বিষ ঢেলে দিয়েছে। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের চাচাতো ভাই এনামুল হক অভিযোগ করেন, ধুলু গ্রামে দীর্ঘদিন ধরে সুদের কারবার করেন। তাঁর কাছ থেকে অনেকেই টাকা ধার নিয়েছেন। ফজলু ঋণের টাকা পরিশোধ করেও সুদের জালে জর্জরিত ছিলেন।
ফজলুর স্ত্রী আনজুয়ারা বিবি বলেন, ‘আমার স্বামী অনেক দিন ধরেই ধুলুর ভয়ে বাড়িতে থাকতে পারতেন না। গত কোরবানীর ঈদের আগে পাঁচ হাজার টাকা দিয়ে ক্ষমা চাইতে গিয়েছিলেন। কিন্তু ধুলু টাকা নেয়নি, উল্টো হুমকি দিয়েছে। এখন আমার স্বামী লাশ হয়ে ফিরেছে। আমার ঘরে চুলায় ভাতও ওঠে না। আমি চাই, যারা আমার স্বামীকে মেরেছে, তাদের কঠিন শাস্তি হোক।’
স্থানীয় ইউপি সদস্য কাওসার সরদার বলেন, ফজলু আলু চাষের জন্য ধুলুর কাছ থেকে টাকা নিয়েছিলেন। সালিসে মীমাংসার চেষ্টা হলেও ধুলু মানেননি। মৃত্যুর আগে ফজলু ভিডিওতে ধুলুর নাম বলে গেছেন।
মোহনপুর থানার ওসি আতাউর রহমান জানান, ফজলুর মৃত্যুর আগে দেওয়া ভিডিওতে ধুলুর নাম উঠে এসেছে। মামলার পরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।