মোঃ সোহানুর রহমান।।
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৬নং মানকোন ইউনিয়নের শিবপুর গ্রামে দোকানের বাকি টাকা নিয়ে বিরোধের জেরে ফাহিম (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার দিকে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সাড়ে তিনশ টাকা বাকি নিয়ে ফাহিমের চাচা ও দোকানদার রাসেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে পরদিন বেলা দেড়টার দিকে সালিশের কথা বলে ফাহিমের চাচা ও চাচাতো ভাই ইয়াসিনকে ডেকে নিয়ে যায় অভিযুক্তরা। কিছু দূর গিয়ে ইয়াসিন ও তার বাবার ওপর অতর্কিত হামলা চালানো হয়।
ফাহিম দৌড়ে গিয়ে হাতে লাঠি নিয়ে চাচা ও ইয়াসিনকে রক্ষা করার চেষ্টা করলে অভিযুক্ত সজীব (ইউনিয়ন ছাত্রদলের সদস্য) তার অনুসারীদের নিয়ে ফাহিমের মাথায় সজোরে আঘাত করে। ফাহিম ঘরে আশ্রয় নিলেও সেখান থেকে বের করে দীর্ঘ সময় পেটানো হয়, ফলে তিনি গুরুতর আহত হন।
প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় ফাহিম মারা যান।
ফাহিমের ৮ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। তার মৃত্যুতে পরিবারটি শোকে ও আর্থিক সংকটে ভেঙে পড়েছে।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন— মোঃ সজীব, মোঃ জহিরুল, মোঃ আবির ও মোঃ পারভেজ। ঘটনার পর সজীবকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।
ফাহিমের মা বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি মামলা দায়ের করেছেন। পরিবার ও এলাকাবাসীর দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।
মন্তব্য করুন