সুমন আহমদ খান।।
জামায়াতে ইসলামী একটি বৈষম্যহীন, মানবিক ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে কাজ করছে বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।
রোববার (৭ সেপ্টেম্বর) রাতে নগরীর কদমতলী বাস টার্মিনালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আওতাধীন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট মহানগর আয়োজিত "শ্রমিক জনশক্তি সমাবেশে" প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা হাবিবুর রহমান বলেন, “দেশের অর্থনীতির চাকা যাদের ঘামে সচল, সেই শ্রমজীবী মানুষগুলোই সবচেয়ে বেশি লাঞ্ছিত ও বঞ্চিত। বিশেষ করে পরিবহন সেক্টরের শ্রমিকরা চাঁদাবাজির যন্ত্রণায় অতিষ্ঠ। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সন্ত্রাস ও চাঁদাবাজি কোনভাবেই মেনে নেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “শ্রমিকদের প্রকৃত অধিকার নিশ্চিত করতে হলে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। জামায়াত একটি ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছে, যেখানে আমলা থেকে শুরু করে সাধারণ শ্রমিক—সকলেই মর্যাদা ও ন্যায্য অধিকার পাবে।”
হাবিবুর রহমান আগামী জাতীয় নির্বাচনে জামায়াত নির্বাচিত হলে ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার প্রতিশ্রুতি দেন। তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ের আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের সহ-সভাপতি ও পরিবহন শাখার সভাপতি এস এম মনোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন মহানগর পরিবহন শাখার সেক্রেটারি আবুয় কাওছার কয়েস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, ফেডারেশনের মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য করুন