জামালপুর প্রতিনিধি।।
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় বাল্যবিয়ে প্রতিরোধ ও শিশু অধিকারের গুরুত্ব তুলে ধরতে “অ্যান্টি ম্যারেজ অর্গানাইজেশন” জামালপুর জেলা শাখার উদ্যোগে কর্মশালা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে হাছিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মশালা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক, এগ্রো ফুড লিমিটেডের ব্যবস্থাপক জনাব এরশাদ জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাওলানা আখতারুজ্জামান, মোহাম্মদ আজিজুর রহমান আকন্দ, বীথি বিশ্বাস, আবদুল বাসেত, ফুরকান আলী, মোশারফ হোসেন, হাফিজুল ইসলাম, সাইফুল ইসলাম ও রনি মিয়া প্রমুখ।
আলোচনায় বক্তারা বাল্যবিয়ের ভয়াবহ কুফল, আইনি শাস্তি এবং শিশুদের মৌলিক অধিকার বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। তারা বলেন, বাল্যবিয়ে শুধু ব্যক্তিজীবন নয়, পরিবার ও সমাজের জন্যও মারাত্মক ক্ষতিকর। শিশুদের নিরাপদ শৈশব ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুটি দলে বিভক্ত করে বাল্যবিয়ে প্রতিরোধ ও শিশু অধিকার বিষয়ক প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা যুক্তি-তর্কের মাধ্যমে বিষয়টির গুরুত্ব তুলে ধরে দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
মন্তব্য করুন