নওগাঁর পোরশা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এমদাদুল হক এমানী (৪৫) নামে এক ওয়ার্ড সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার জামিলকুড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত এমদাদুল হক এমানী মশিদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য এবং সরিয়ালা গ্রামের মৃত কিনা সরকারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে নিজের মালিকানাধীন একটি ডিপ টিউবওয়েলের (এসটিডাব্লিউ) বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তিনি অসাবধানতাবশত মেইন সুইচ বন্ধ না করেই কাজ শুরু করেন। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ সময় তিনি এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন