শহীদুজ্জামান শুভ।।
কিশোরগঞ্জ, ৮ অক্টোবর: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের আদিত্যপাশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম ওয়াহিদ মিয়া (২১)। তিনি আদিত্যপাশা গ্রামের মজনু মিয়ার ছেলে। পড়ালেখার পাশাপাশি কৃষিকাজ করতেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের জমিতে কাজ করছিলেন ওয়াহিদ। তখন আকাশ হালকা মেঘাচ্ছন্ন ছিল। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. কামরুল ইসলাম সিদ্দিকী জানান, হাসপাতালে আনার আগেই যুবকের মৃত্যু হয়েছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন