নুরুল আবছার।।
মায়ের ইচ্ছে ছিলো ইসমামুল হক লেখাপড়া শেষ করে বাবার কষ্ট ঘোচাবে, সুন্দর একটি বাড়ী হবে তাদের, দু:খ দূর হবে, অভাব দূর হবে, হবে একটি সুখের সংসার। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না ইসমামের ১০ বছর বয়সে মারা যান তার বাবা নূরুল হক। ভেঙ্গে যায় মা শাহেদা বেগমের স্বপ্ন। একমাত্র উপার্জনকারী না থাকায় শুরু হয়ে যায় বেঁচে থাকার লড়াই। বন্ধ হয়ে যায় ইসমামসহ তার ভাইদের পড়ালেখা।
২০১৯ সালে মাত্র ১২ বছর বয়সে চট্টগ্রামের লোহাগাড়া আমিরাবাদ স্টেশন শুরু হয় ইসমামের দোকানের চাকরি। সেখান থেকে আরো বাড়তি আয়ের আশায় ২০২৩ সালে চাকরি নেয় ঢাকায় একটি জুয়েলারি দোকানে। ইসমাম ঢাকায় ও তার বড় ভাই মুহিবুল আমিরাবাদে একটি দোকানে চাকরি করতো। সে টাকায় কোন রকম চলছিল তাদের সংসার ও ছোট ভাই আবু বক্করের লেখাপড়া। মা শাহেদা বেগম আবারও স্বপ্ন দেখা শুরু করলো ছেলেদের আয়ের কিছু অংশ জমা করে ইসমামকে বিদেশ পাঠাবে। ভালো আয়ের উৎস হবে। সুখের সংসার গড়বে। তাও হয়ে উঠলো না।
২০২৪ সালের ৫ জুলাই মার্চ টু ঢাকা কর্মসূচীতে যোগ দেয় ইসমাম। ৫ আগষ্ট সকালে ঢাকা চকবাজার থেকে ছাত্র জনতার সাথে শাহবাগের দিকে এগোতে থাকলে চাঁনখারপুল এলাকায় পুলিশের এলোপাতাড়ি গুলিতে গুরুতর আহত হন ইসমাম। ইসমামের পেঠ দিয়ে গুলি ঢুকে পেঠ দিয়ে বেরিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেওয়া হয় ইসমামকে। সেখানেই ইসমাম মারা যায়।
ইসমামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দর্জি পাড়ায়। তারা ছিলেন ৩ ভাই। বড় মুহিবুল হক (১৯), আর ছোট ভাই আবু বক্কর সিদ্দিক তানভীর (১৩)। ইসমামুল হকের মৃত্যুতে তার মা শাহেদা বেগমের স্বপ্ন মাটিতে মিশে গেছে।
সন্তানের স্মৃতিচারণ করতে গিয়ে কেঁদে কেঁদে ইসমামের মা শাহেদা বেগম বলেন, কতো স্বপ্ন দেখতো ছেলেটা আমার, সব স্বপ্নই রয়ে গেল। আমার মনি (ইসমাম) আমাকে বলতো আমি বিদেশ যাব। অনেক টাকা আয় করবো, তুমি পাকা বাড়ী করতে পারবে মা। আমার কষ্ট কমাতে আমার ছেলে ঢাকায় চাকরি নিয়েছে। টাকা জমিয়ে বিদেশ যাবে। অথচ, আমার ছেলে ফিরেছে লাশ হয়ে। আমার সব স্বপ্ন ধ্বংস হয়ে গেছে। জীবনে আর কিছুই বাকি নেই।
দেড় শতকের মতো থাকার জায়গা ছাড়া কিছুই নেই তাদের। বর্তমানে নিহত ইসমামের বড় ভাই মুহিবুল আমিরাবাদে একটি গ্যাসের দোকানে ৫ হাজার টাকার বেতনে চাকরি করে। এখন তার পরিবারের সংসার চালানো খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এখনও পর্যন্ত সরকারি কোন আর্থিক সহযোগিতা পায়নি তার পরিবার। সরকারের পক্ষ থেকে ১০ লক্ষ টাকার সঞ্চয় পত্র দেওয়া হয়েছে। যা ৫ বছর পূর্ণ হলে টাকা পাবে বলে জানান শাহেদা বেগম। ভালো নেই ইসমামের পরিবার।
মন্তব্য করুন