এস এম শাহাদাত।।
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দেশের সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরার কালিগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ আগস্ট বেলা ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে কালিগঞ্জ প্রেসক্লাব। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবে সভাপতি শেখ সাইফুল বারী সফু তিনি বলেন,সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা শুধু গণমাধ্যমের নয়, পুরো জাতির জন্য লজ্জাজনক। দ্রুত সময়ের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।একইসঙ্গে সকল সাংবাদিকের নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে।এতে আরো বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল।এই কর্মসূচিতে কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্য, স্থানীয় গণমাধ্যমকর্মী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা একাত্মতা প্রকাশ করেন।
মন্তব্য করুন