গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ এলাকায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে ধীরগতিতে চলছে যানবাহন, ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। যানজট ছড়িয়ে পড়েছে মুন্সীগঞ্জের গজারিয়া অংশ পর্যন্ত, সৃষ্টি হয়েছে জনদুর্ভোগ।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৯ জুলাই) রাত ১০টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে যানজটের সূচনা হয়। ধীরে ধীরে তা বৃহস্পতিবার সকালে গজারিয়ার বালুয়াকান্দি বাসস্ট্যান্ড পর্যন্ত ছড়িয়ে পড়ে, যার পরিমাণ প্রায় ১৩ কিলোমিটার।
এই দীর্ঘ যানজটে আটকে পড়েছেন হাজারো যাত্রী। চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং অফিসগামী কর্মজীবীরা।
কলেজছাত্র রিফাত হোসেন বলেন, “আজ আমাদের পরীক্ষা। কিন্তু যানজটে পড়ে সময়মতো পৌঁছানো সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে হেঁটে রওনা দিয়েছি।”
একই রকম দুর্ভোগের কথা জানান ঢাকাগামী চাকরিজীবী খোকন মিয়াও। তিনি বলেন, “সকাল সাড়ে ১০টায় আমার জরুরি মিটিং ছিল। আটটায় বের হলেও এখন পর্যন্ত মেঘনা ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি।"
বিষয়টি নিয়ে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন জানান, “গজারিয়া অংশে সরাসরি কোনো সমস্যা নেই। নারায়ণগঞ্জের যানজট এখানে ছড়িয়ে পড়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা কাজ করছি।”
এদিকে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, “লাঙ্গলবন্দ সেতুর অবস্থা খুবই খারাপ। গর্ত ও ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে। তারা কাজ শুরু করেছে, পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ মাঠে রয়েছে।”
এমতাবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন যাত্রীরা।
মন্তব্য করুন