মো. নাজিউল্লাহ ভূঁইয়া।।
ঢাকার কেরানীগঞ্জে সড়কে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে রাতের অন্ধকারে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
আজ শনিবার (২০ জুলাই) ভোররাত সাড়ে তিনটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচর এলাকায় সড়কের পাশে পার্কিং করা অবস্থায় আগুনে পুড়ে তরঙ্গ পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৫-০৬৬২) বাসটি ক্ষতিগ্রস্ত হয়।
তরঙ্গ পরিবহনের ঘাটারচর রুটের তত্ত্বাবধায়ক বাদশা শিকদার জানান, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা আমাদের বাসটিতে আগুন দিয়েছে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তাঁরা ঘটনাস্থলে এসে আগুন নেভান। আগুনে বাসটির ভেতরের অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে প্রায় সাড়ে ৩ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক তরঙ্গ পরিবহনের এক কর্মচারী বলেন, সম্প্রতি আমাদের বাস এই রুটে নতুনভাবে যুক্ত হয়েছে। এ নিয়ে অন্য বাস মালিকরা একটু ক্ষুব্ধ। এমন বিরোধ থেকেই এই ঘটনার সূত্রপাত হতে পারে বলে মনে করছেন অনেকে। ঘটনার সময় বাসের কাছাকাছি জায়গায় বাসের কর্মকর্তা ও কর্মচারীরা অবস্থান করছিলেন। এর মধ্যেই কে বা কারা বাসে আগুন দিয়ে চলে গেছে। আওয়ামী লীগের হরতাল নাকি মালিকপক্ষের দ্বন্দ্বের কারণে কেউ বাসটিতে আগুন দিয়েছে সেটি বুঝতে পারছি না।
তারানগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মামুন বলেন, খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। যারা এ ঘটনার সাথে জড়িত তাঁদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের জেষ্ঠ্য স্টেশন কর্মকর্তা মোহাম্মদ কাজল মিয়া বলেন, খবর পেয়ে দ্রুত আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ায় আগুন বাসের বাইরের অংশে ছড়াতে পারেনি। তবে বাসের অভ্যন্তরে ব্যাপক ক্ষতি হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমানুল হক ডাবলু বলেন, দুর্বৃত্তরা সড়কে পার্ক করে রাখা বাসটিতে আগুন দিয়েছে। কে বা কারা অগ্নিসংযোগ করেছে সেব্যাপারে তদন্ত চলছে। একটি রাজনৈতিক দলের ঘোষিত কর্মসূচির কারণে পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটেছে কিনা সে প্রশ্নের জবাবে ওসি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন