নূর মোহাম্মদ শ্রাবণ।।
১২ই আগষ্ট দুপুর ১২ টায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় কন্যার মা, বাল্যবিবাহকারী বর, বাল্যবিবাহকারী বরের পিতা, বাল্যবিবাহকারী বরের ভাই এবং বাল্যবিবাহ সম্পাদনে সহযোগিতাকারী এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
বাল্যবিবাহের শিকার সুমাইয়া আক্তার (১৩) শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর প্রথম স্থান অধিকারী একজন মেধাবী ছাত্রী। তার বাবা নেই। তিন ভাই বোনের মধ্যে সে দ্বিতীয়। মা তার মেয়ের অমতে জোর করে পাশের বাড়ির মোহর আলীর ছেলে সৌদি প্রবাসী অলিউল্লাহর সাথে সুমাইয়াকে জোর পূর্বক বিয়ে দিতে চাইছিল। বর, বরের পিতা, বরের ভাই এবং কন্যার মা একজোট হয়ে এই বাল্য বিয়ে সম্পাদনে সুমাইয়াকে জোর ও চাপ প্রয়োগ করে।
সুমাইয়া এবং সুমাইয়ার বড় বোন উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ জানালে, উপজেলা নির্বাহী অফিসার তৎক্ষনাৎ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করার নির্দেশ দেন।
বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী অভিযুক্ত অলিউল্লাহকে এক বছর কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড। তার পিতা মোহর আলীকে ছয় মাসের কারাদণ্ড, ভাই সফিউল্লাহকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড, বাল্যবিবাহ প্রদানকারী রোকসানার মা জাহানারাকে ছয় মাসের কারাদণ্ড এবং বাল্যবিবাহ সম্পাদনে সহযোগী জয়নাল আবেদীনকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফয়সাল আল নুর।
একইসাথে এই বাল্যবিবাহ সম্পাদনকারী কাজীকে গ্রেফতার এবং তার লাইসেন্স বাতিলের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব ইকবাল হোসেন এবং চান্দিনা থানা পুলিশ ও চান্দিনা আনসার ব্যাটেলিয়নের একটি টিম।
মন্তব্য করুন