কিশোরগঞ্জের করিমগঞ্জে বাবা আব্দুল মালেককে (৮০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ছেলে আব্দুল আওয়াল বাদলকে (৪২) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
নিহত আব্দুল মালেক (৮০) করিমগঞ্জ উপজেলার পশ্চিম নয়াকান্দি এলাকার মৃত শহর আলীর ছেলে।
২২ অক্টোবর বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
২৩ অক্টোবর সকালে কিশোরগঞ্জ র্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির। তিনি বলেন, গ্রেপ্তার আব্দুল আওয়াল বাদল মাদকাসক্ত। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবা আব্দুল মালেককে হত্যার কথা স্বীকার করেছে সে।
এর আগে গত শুক্রবার (১৭) সকালে করিমগঞ্জ পৌরসভার পশ্চিম নয়াকান্দি এলাকায় নিজের ঘরে কাজ করছিলেন আব্দুল মালেক (৮০)। এ সময় হাতে ছুরি নিয়ে ঘরে প্রবেশ করে ছেলে বাদল মিয়া (৪২)। কথা কাটাকাটির একপর্যায়ে বাদল ছুরিকাঘাত করে পিতাকে গুরুতর জখম করেন।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকেলে সেখানে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত মালেকের ছোট ছেলে খোকন মিয়া বাদী হয়ে গত ১৯ অক্টোবর জেলার করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় তার বড় ভাই আব্দুল আওয়াল বাদলকে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা আরো ৩/৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।