Mohammad Monirul Islam।।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পাহাড় থেকে পড়ে নুরুচ্ছবী (৫৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার চাঁন্দেরঘোনা এলাকার কানিয়াছড়া পাহাড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুচ্ছবী ঈদগাঁও সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাঁন্দেরঘোনা এলাকার মৃত মমতাজ আহমদের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নুরুচ্ছবী মহিষ চরানোর জন্য বাড়ি থেকে বের হন। পরে দুপুর আনুমানিক আড়াইটা নাগাদ স্থানীয়রা তাকে পাহাড়ের ঢালে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং বিষয়টি পরিবারের কাছে খবর দেন।
নুরুচ্ছবীর ছেলে মুবিন ছৈয়দ জানান, তার মা মহিষ চরানো শেষে একটি গাছের টুকরো কাঁধে নিয়ে বাড়ি ফেরার পথে পাহাড় থেকে পা পিছলে নিচে পড়ে যান। এ সময় কাঁধে থাকা গাছের টুকরোটি তার শরীরের ওপর পড়ে গুরুতর আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা জানান, এ ঘটনায় তাঁদের কোনো অভিযোগ নেই। এটি সম্পূর্ণ একটি দুর্ঘটনা।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন