সাকিল আহমেদ।।
ইলিশ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এ বছরও ইলিশের প্রধান প্রজনন মৌসুমে আগামী ০৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত ২২ দিনব্যাপী সারাদেশে পালিত হবে “মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫”। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। পাশাপাশি সামুদ্রিক মৎস্য আহরণ এলাকায় সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক ইলিশসহ অন্যান্য প্রজাতির মৎস্য আহরণও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকারের এই নির্দেশনা বাস্তবায়নে সমুদ্র, নদী ও উপকূলীয় এলাকায় মোতায়েন রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
“ইন এইড টু সিভিল পাওয়ার” এর আওতায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজসমূহ সমুদ্র, উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নদ-নদীতে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ পরিচালনা করছে। বাংলাদেশ নৌবাহিনীর ১৭টি যুদ্ধজাহাজ ৯টি জেলায় নিয়োজিত রয়েছে।
অভিযানের অংশ হিসেবে —
চাঁদপুর এলাকায়: বানৌজা ধানসিঁড়ি/শহীদ ফরিদ ও বিএনডিবি গাংচিল
কক্সবাজার এলাকায়: বানৌজা অতন্দ্র, শহীদ মহিবুল্লাহ, দুর্জয়, সাগর ও শহীদ দৌলত
খুলনা এলাকায়: বানৌজা মেঘনা, চিত্রা/তিতাস
বাগেরহাট এলাকায়: বানৌজা করতোয়া, আবু বকর/দুর্গম
পিরোজপুর ও বরগুনা এলাকায়: বানৌজা সালাম ও কুশিয়ারা
বরিশাল এলাকায়: বানৌজা পদ্মা, চিত্রা/তিতাস
পটুয়াখালী এলাকায়: এলসিভিপি-০১৩
গভীর সমুদ্রে দেশি-বিদেশি অবৈধ মৎস্য আহরণকারীদের অনুপ্রবেশ রোধে নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং অত্যাধুনিক মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এর মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।
বাংলাদেশ নৌবাহিনী ফ্লিটের জাহাজ, ক্রাফট ও বোটসমূহ ইলিশের প্রধান প্রজনন অঞ্চলে মোতায়েন থেকে স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড, নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তরের সাথে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে। অবৈধ ইলিশ আহরণ এবং বিদেশি ট্রলারের অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার-প্রচারণা ও কঠোর আইন প্রয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ইলিশের প্রজনন ক্ষেত্র সুরক্ষিত রাখা, অবাধ প্রজননের সুযোগ সৃষ্টি এবং জাতীয় অর্থনৈতিক সম্পদ হিসেবে ‘মা ইলিশ’ সংরক্ষণে নৌবাহিনীর সদস্যরা সর্বদা নিবেদিত। দেশের সমুদ্রসীমা ও নদ-নদীতে ইলিশের নিরাপদ প্রজনন পরিবেশ নিশ্চিতের মাধ্যমে জাতীয় মাছ ইলিশের প্রাচুর্য বৃদ্ধি ও মৎস্য সম্পদের টেকসই সমৃদ্ধিতে বাংলাদেশ নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মন্তব্য করুন