গাজী মাহমুদ পারভেজ:-
গজারিয়ায় প্রথম শ্রেণির শিক্ষার্থী মো. সারাফাতের মর্মান্তিক মৃত্যু যেন সারা জনপদে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে। সড়ক দুর্ঘটনায় এই অকাল মৃত্যু ও দীর্ঘদিনের সড়ক দূর্দশার বিরুদ্ধে ক্ষুব্ধ এলাকাবাসী শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় পূর্ব ঘোষিত সময় অনুযায়ী মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের সর্বস্তরের মানুষের ব্যানারে উপজেলার জামালদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ চলে। পুলিশ হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করলে শুকরিয়া মার্কেটের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার স্কুল থেকে ফেরার পথে ট্রেইলারের ধাক্কায় দেয়াল ধসে হাজী সিরাজুল হক স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী সারাফাত নিহত হয়। আহত হয় একই স্কুলের শিক্ষার্থী ৬ বছরের জামিয়া। এই দুর্ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো এলাকার বুক চিরে দিয়েছে। স্থানীয়দের অভিযোগ—দুই গার্ডার সেতুর বছরের পর বছর ধরে চলা ধীরগতির কাজ, সড়কে অসংখ্য খানাখন্দ, এবং ভারী যানবাহনের বেপরোয়া চলাচল মিলিয়ে এই সড়ক হয়ে উঠেছে মৃত্যুফাঁদ।
প্রতিবাদ সমাবেশে এলাকাবাসী পাঁচ দফা দাবিতে একমত হয়— ১.নিহত সারাফাতের ঘাতকের দ্রুত বিচার ও তার পরিবারের জন্য ন্যায্য ক্ষতিপূরণ প্রদান। ২.ভারী যানবাহনের বেপরোয়া চলাচল বন্ধ ও নির্দিষ্ট সময়ের বাইরে নিয়ন্ত্রণ। ৩. ড্রেনেজ ব্যবস্থাসহ সড়ক সংস্কার ও দ্রুত মেরামত সম্পন্ন। ৪. সড়কে পুলিশি টহল জোরদার। ৫. সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ভারী যানবাহনের চলাচল সম্পূর্ণ নিষিদ্ধকরণ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় হোসেন্দী ইউনিয়নের সাধারণ মানুষ, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মী ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা এক কণ্ঠে ঘোষণা দেন—“আমাদের দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে, প্রয়োজনে আবারও মহাসড়ক অচল করে দেওয়া হবে। ”এলাকাবাসীর হুঁশিয়ারি, এবার আন্দোলন শুরু হয়েছে ন্যায়বিচারের জন্য, শেষ হবে দাবির পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে।
এই সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আসলামুজ্জোহা চৌধুরী তপন, নাদিম মাহমুদ অপু, মাওলানা মাহাবুবুর রহমান কাসেমীসহ স্থানীয় কয়েক হাজার সাধারণ জনগণ।