নাজমুল হোসেন লাবলু, শিবচর উপজেলা প্রতিনিধি :
মাদারীপুরের শিবচরে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বরে মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত বিশেষ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা।
অভিযান চলাকালে দুটি ট্রাক, একটি নোহা গাড়ি ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় একটি নোহা গাড়ি থেকে ২টি শটগান ও ২০ রাউন্ড গুলি জব্দ করা হয়। পরে এসব অস্ত্র ও গুলি শিবচর থানায় হস্তান্তর করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন,সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম জানান,জব্দ করা আগ্নেয়াস্ত্র ও গুলির লাইসেন্স যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান শেষে পথচারীদের মধ্যে সচেতনতা বার্তা বিতরণ করা হয়।