মোঃ সুমন।।
বান্দরবান সদর উপজেলার সুয়ালক এলাকায় উপজেলা প্রশাসনের অভিযান ও নিলামের পরও বন্ধ হয়নি অবৈধ বালু উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র প্রকাশ্যে বালুর ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছে।
প্রশাসন সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট সুয়ালক কাইচতলী এলাকায় অভিযান চালিয়ে ৭টি বালু টাল জব্দ করা হয়। পরে ৭ আগস্ট উন্মুক্ত নিলামের আয়োজন করে উপজেলা প্রশাসন। তবে স্থানীয় প্রভাবশালী জাহেদের ভয়-ভীতির কারণে অনেকে নিলাম থেকে সরে যান। শেষ পর্যন্ত এক গৃহবধূ রোজিনা আক্তারের নামে নিলাম সম্পন্ন হয়। অভিযোগ রয়েছে, প্রকৃতপক্ষে নিলামের অর্থ জাহেদরা পরিশোধ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওই বালু ১৫ দিনের মধ্যে সরানোর জন্য বলেন। তবে এখনো বালু সরানো হয়নি, বরং প্রতিদিন খাল থেকে অবৈধভাবে নতুন বালু উত্তোলন করা হচ্ছে।
এদিকে অভিযোগ উঠেছে, জাহেদ ও বক্কর নামে দু’জন ব্যক্তি ইউএনওর নাম ব্যবহার করে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছেন। প্রতিটি ব্যবসায়ীর কাছ থেকে ২–৫ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে।
ভুক্তভোগী নজরুল ইসলাম কালু বলেন, “ভালোভাবে বালু তুলতে হলে ২ হাজার টাকা দিতে হবে, না হলে এক টালও তুলতে পারবো না। গরীব মানুষ হয়েও অনুনয়-বিনয় করে কোনো লাভ হয়নি।২ হাজার টাকা দিতে হয়ছে।
অন্য এক ভুক্তভোগী আব্দুল কুদ্দুস বলেন, “আমার কাছ থেকেও টাকা দাবি করা হয়েছে, তবে আমি দেইনি।”
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে জাহেদ মোবাইল ফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে মিথ্যা রটানো হচ্ছে। তবে অপর অভিযুক্ত আবু বক্কর প্রথমে অস্বীকার করলেও পরে টাকা নেওয়ার বিষয় স্বীকার করেন। তিনি দাবি করেন, “এই টাকা তাদের জন্যই নেওয়া হয়েছে, যাদের বালু প্রশাসনের অভিযানে জব্দ হয়েছিল। ক্ষতিগ্রস্তদের হাতে টাকা তুলে দেওয়া হবে।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি বলেন, “অবৈধ বালু উত্তোলন ও পরিবেশ ধ্বংস কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যারা এসব কাজে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি দ্রুত সমাধান করবে।”
স্থানীয়দের মতে, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ছাড়া অবৈধ বালু ব্যবসা ও চাঁদাবাজি বন্ধ হবে না। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পাশাপাশি প্রশাসনের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হবে।
মন্তব্য করুন