রূপক মুখার্জি।।
নড়াইলের কালিয়ায় এক সাংবাদিককে হাত-পা কেটে জবাই করে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। হুমকির পর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করছেন।
জানা গেছে, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার কালিয়া উপজেলা প্রতিনিধি ও কালিয়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবলু মল্লিক (৩৯) রবিবার (১০ আগস্ট) বিকেলে এ হুমকি পান। জিডিতে উল্লেখ করা হয়, ওইদিন বিকেল ৫টার দিকে পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নূরে আলম কাজী নান্টু (৪৫) অজ্ঞাত আরও ৩-৪ জনকে সঙ্গে নিয়ে বাবলু মল্লিকের বাড়িতে যান। তখন তিনি বাড়িতে না থাকায় পরিবারের কাছে তার সঙ্গে যোগাযোগের কথা বলেন।
পরে বাবলু মল্লিক নিজেই মোবাইল ফোনে নূরে আলম কাজীর সঙ্গে কথা বললে, তিনি অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং সাংবাদিকতা ছেড়ে দেওয়ার হুমকি দেন। না ছাড়লে হাত-পা কেটে জবাই করে নদীতে ফেলে দেওয়ার ভয় দেখান। এ সময় অভিযুক্তরা আরও নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন বলে জিডিতে উল্লেখ রয়েছে।
বাবলু মল্লিক বলেন, “হুমকির পর থেকে আমি ও আমার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছি। যেকোনো সময় আমাদের ক্ষতি করা হতে পারে বলে শঙ্কা করছি।”
এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, “ঘটনাটি জিডি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
যুবলীগ নেতা নূরে আলম কাজী নান্টুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি হুমকির বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কোনোভাবেই তাকে হুমকি দেয় নাই। বিষয়টি ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক।”
কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ বলেন, “এটি সাংবাদিকের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত । আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দ্রুত তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় আনতে হবে।”
এদিকে জেলার কালিয়া সাংবাদিককে হুমকি ধামকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে লোহাগড়ায় কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। বিবৃতিতে তারা বলেন, সাম্প্রতিক সময়ে কালিয়ায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হলেও প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করে নাই। এতে করে স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করা হচ্ছে। দুষ্টের দমন সৃষ্টের পালন করছে না প্রশাসন। ফলে সাংবাদিকদের ওপর হামলা-মামলা, হত্যা, খুন নৈমিত্তিক ঘটনায় পরিনত হয়েছে। এ ধরনের পরিবেশ পরিস্থিতি মুক্ত সাংবাদিকতার জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। সঠিক তদন্ত এবং দোষীদের আইনের আওতায় আনা উচিত। বিবৃতিদাতারা হলেন, সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি , সাংবাদিক শরিফুজ্জামান, কাজী ইমরান, বিডি সময়ের সম্পাদক রাশেদ রাসু।
মন্তব্য করুন