তরিকুল ইসলাম।।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পূর্ব শত্রুতার জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে উথলী গ্রামের ৭২ নম্বর ব্রিজ এলাকার মাঠে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন মিন্টা মিয়া (৬০) ও তার ছোট ভাই হামজা আলী (৪৫)। তারা উথলী বড় মসজিদপাড়ার মৃত ক্ষুদে মণ্ডলের সন্তান।
স্থানীয়রা জানান, সকালে মিন্টা ও হামজা আলী কৃষিকাজ করতে মাঠে গেলে প্রতিপক্ষের কয়েকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তারা গুরুতর আহত হলে এলাকাবাসী দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রথমে হামজা এবং কিছুক্ষণ পর মিন্টাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
ঘটনার পর উথলী গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে, এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।