বাবুল আক্তার।।
ঝিনাইদহ কালিগঞ্জ উপজেলা ভূমি অফিসে চরম জনবল সংকট দেখা দিয়েছে। জনবল সংকটে উপজেলা বসবাসকারীদের নামজারি ও মিসকেস মামলা নিষ্পত্তির মত জনগুরুত্বপূর্ণ কাজে জটিলতা তৈরি হচ্ছে। সেবা বঞ্চিত হচ্ছেন সেবা গ্রহিতারা। খোজ নিয়ে জানা গেছে, ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলা অন্যতম গতিশীল উপজেলা এ উপজেলা শহরের উপর দিয়ে বয়ে যাওয়া যশোর-ঢাকা মহাসড়কটির ৬ লেনে উন্নতির প্রকল্পের কাজ চলছে, চলছে চিত্রা নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদসহ নানা উন্নয়ন কার্যক্রম। ভূমি অফিসে প্রতি মাসে ১৫০০ এর মত নামজারি ও মিসকেস মামলা নিষ্পত্তি করতে হয়। পাশাপাশি ৬ লেন প্রকল্পের অর্ডারশিট মিসকেস জনিত কাজের চাপ দিগুন। কিন্তু ব্যস্ত এই দপ্তরের অফিস সহকারী, নাজির, সায়রাত সহকারী, ডাটা এন্ট্রি অপারেটরসহ ৭ পদ শুন্য। মাত্র দুজন অফিস সহকারী নিয়ে চলছে সব ধরনের সেবা কার্যক্রম। এমতাবস্থায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে নিয়মমাফিক সেবা বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ( ভূমি ) শাহিন আলম ২০২৪ সালের ২২ এপ্রিল যোগদানের এক বছরে ১৩ হাজারের বেশি মামলা নিষ্পত্তি করেছেন। এ সময় প্রায় ১৫ হাজারের বেশি নামজারি এবং ১০ বছর পযর্ন্ত ঝুলে থাকা এক হাজারের বেশি মিসকেস মামলা নিষ্পত্তি করেছেন ১৮ তম বিসিএস এর কর্মকর্তা। এসিল্যান্ড হিসাবে কালিগঞ্জ তার প্রথম কর্মস্থল। নামজারি নিষ্পত্তির সরকার নির্ধারিত সময়সীমা ২৮ দিন এবং মিসকেস এর ক্ষেত্রে ৯০ দিন। ২০১৬ থেকে ২০২৪ সাল পযর্ন্ত এক হাজারের মত মিসকেস পেন্ডিং ছিল। এক বছরে সে সকল মামলা নিষ্পত্তি করেছেন। কালিগঞ্জ পৌরসভাধীন কাশিপুর গ্রামের ঘনু মন্ডল জানান, আমার একটি নামজারি আবেদন করেছিলাম। আবেদনের ১০ দিনের মধ্যে আমার কাজ সম্পন্ন হয়। অল্প সময়ে কাগজ হাতে পাওয়ায় পর আমার কাছে স্বপ্ন মনে হচ্ছিল। সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম বলেন,জনবল সংকট থাকলেও সেবা কার্যক্রমে কোনো ত্রুটি রাখা হচ্ছে না। অতিরিক্ত পরিশ্রম হচ্ছে কিন্তু সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
মন্তব্য করুন