আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন এলাকায় টহল ও সমন্বিত নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।
এর অংশ হিসেবে কমান্ডার ঢাকা নৌ অঞ্চল রিয়ার এডমিরাল আব্দুল্লাহ-আল-মাকসুস রাজধানীর শাহীনবাগ পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি প্রধান পুরোহিত, পূজা আয়োজক কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মাঠপর্যায়ের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
তিনি পুলিশ, র্যাব, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে যৌথ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশনা দেন।
পূজা উপলক্ষে নৌবাহিনী বরগুনা, ভোলা, কক্সবাজার, চট্টগ্রাম, খুলনা, বাগেরহাটসহ উপকূলীয় বিভিন্ন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। টহলের পাশাপাশি কো-অর্ডিনেশন ও মনিটরিং সেল গঠন এবং বিশেষ অভিযানিক টিম মোতায়েন করা হয়েছে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী জানায়, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন নিশ্চিতে তারা সর্বদা প্রস্তুত রয়েছে।