যশোরের কেশবপুরে প্যারামেডিকেল অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশনের (পিটিএফ) নামে একটি ভুয়া প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ রেকসোনা খাতুন এ অভিযান পরিচালনা করেন। এ সময় প্রতিষ্ঠানটির পরিচালক আবুল কালাম আজাদ ইকতিয়ার প্রতিষ্ঠান পরিচালনার সরকারি সংশ্লিষ্ট দপ্তরের কোন অনুমতিপত্র দেখাতে ব্যার্থ হওয়ায় তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদ-াদেশ প্রদান করেন। এ সময় দ-প্রাপ্ত আবুল কালাম আজাদ ইকতিয়ার জরিমানার এক লাখ টাকা পরিশোধের পাশাপাশি ওই ভুয়া প্রতিষ্ঠান পরিচালনা করবে না মর্মে মুচলেকা দেন।
এ বিষয়ে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট মোছাঃ রেকসোনা খাতুন বলেন, পিটিএফ নামের ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনার বৈধ কাগজপত্র প্রদর্শন করতে না পারায় প্রতিষ্ঠানের পরিচালক আবুল কালাম আজাদ ইকতিয়ারকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের করা হয়। তবে তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করলে তার জেল মওকুফ করা হয়।
প্রতিষ্ঠান খুলে স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট ডিএমএফ, ডিএমএ ও ডিএমএসসহ ৫৬টি ট্রেডের ভুয়া সার্টিফিকেট বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন আবুল কালাম আজাদ ইকতিয়ার নামে এক প্রতারক। এভাবে গত ১০ বছরে প্রায় ৫০ হাজার ভুয়া সার্টিফিকেট বিক্রি করে হাতিয়ে নেয়া হয়েছে প্রায় ১৭ কোটি ৫০ হাজার টাকা।
যদিও অভিযুক্ত পিটিএফ'র কথিত চেয়ারম্যান দাবি কওে বলেছিলেন, তিনি প্রায় ১১ হাজার ব্যক্তিকে ট্রেনিং দেওয়ার পর তাদের মাঝে ১১ হাজার সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। এসময় প্রতি জনের ট্রেনিং খরচ বাবদ ৩৫ হাজার ৫০০ টাকা থেকে ৪৫ হাজার ৫০০ টাকা করে নেয়া হয়েছে। এইভাবে তিনি দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় আরও প্রায় ১৫০টি শাখা অফিস খুলে সেখানে শাখা পরিচালক নিয়োগ দিয়ে অবৈধ ট্রেনিংয়ের নামে যুবক-যুবতীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা। তার প্রতারণার ফাঁদে পড়ে এরই মধ্যে সর্বস্ব হারিয়েছে শতশত বেকার যুবক ও যুবতি।
এই প্রতারক ইতিমধ্যে রংপুর শহরে একইভাবে ভুয়া প্রতিষ্ঠানের নামে একটি শাখা অফিস খুললে সিভিল সার্জন তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়সহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে তাদেরকে রংপুর মেট্রো পলিটন পুলিশ কমিশনারের কাছে হস্তান্তর করা হয়। এরপর কর্তৃপক্ষ জরিমানাসহ ওই কার্যালয়টি বন্ধ করে দেয়।
সংশ্লিষ্ট অফিস এবং ভুক্তভোগী সূত্রে জানা যায়, ২০১৬ সালে খুলনার জয়েন্ট স্টক (যৌথ মূলধনি কোম্পানি) থেকে প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশনের (পিটিএফ) নামে প্রাথমিক অনুমতি নিয়ে কেশবপুর শহরের থানার পাশে মাইকেল মোড়ে একটি অফিস খোলে। যার রেজিঃ নম্বর-৪৪৩/২০১৬। এরপর সেখানে পিটিএফের কেন্দ্রীয় হেড অফিসের সাইন বোর্ড টানিয়ে ডিএমএফ, ডিএমএ, ডিএমএস, ডিএইচ এমসি, ডিএনএ, প্যাথলজি আল্ট্রাসোনোগ্রাফি, এক্সরেসহ ৫৬টি ট্রেডের সার্টিফিকেট দেয়ার নামে একটি ট্রেনিং সেন্টার খোলা হয়।
পরবর্তিতে পার্শ্ববর্তি মণিরামপুর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ডের উত্তর পাশে
দ্বিতীয় তলায়, সাতক্ষীরার পাটকেলঘাটা পেট্রোল পাম্পের সামনে, খুলনার ডুমুরিয়া বাজারে জমাদ্দার মার্কেট, যশোরের মুড়লি মোড়ে ও পালবাড়ি বাজারের নতুন খয়েরতলায় হাইস্কুল রোডে, মহেশপুর, বাগেরহাট কচুয়া বাজার, আলমডাঙ্গা বাজার, বাগেরহাটের ফয়লা বাজার ও খুলনার ফুলতলা এবং খুলনার গল্লামারি বাজারসহ দেশের বিভিন্ন জেলা এবং উপজেলায় আরও একাধিক অফিস খোলা হয়। সেখানে ৪ মাস থেকে ৩ বছর পর্যন্ত কোর্সের কথা বলে ১০ থেকে ১ মাসের মধ্যে কোর্স শেষ দেখিয়ে ওষুধের দোকানের কর্মচারি, ডাক্তারদের কমপাউন্ডার, বেকার যুবক ও যুবতীদের কাছে এসব সার্টিফিকেট উচ্চমূল্যে বিক্রি করা হচ্ছে। এরমধ্যে ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টির সার্টিফিকেটের জন্য ৫৪ হাজার টাকা, ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টির সার্টিফিকেটের জন্য ৩৬ হাজার ৫০০ টাকা, ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেটের জন্য ৩৬ হাজার ৯০০, ডিপ্লোমা ইন অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেটের জন্য ২৫ হাজার ৫০০, ডিপ্লোমা ইন নার্সিং ট্রেনিং প্রোগামের জন্য ৪৫ হাজার ৫০০ এবং ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি সার্টিফিকেটের জন্য ৪৫ হাজার ৫০০ টাকাসহ ৫৬টি ট্রেডের জন্য শ্রেণি ভেদে লাইসেন্স প্রতি মোটা অংকের টাকা নেওয়া হচ্ছে। এখান থেকে হাজার হাজার বেকার যুবক-যুবতী সার্টিফিকেট নিয়ে তারা দেশের বিভিন্ন গ্রামাঞ্চলে ডাক্তারি চেম্বার খুলে স্বাস্থ্যসেবা দিচ্ছেন।
অবৈধ এই ভুঁইফোড় প্রতিষ্ঠানে সরকারি কোন নজরদারি না থাকায় তিনি গত ১০ বছরে টাকার পাহাড় গড়ে তুলেছেন। ইতিমধ্যে তিনি অবৈধ টাকায় কেশবপুর পৌর শহরের বিদ্যুৎ কেন্দ্রের পাশে এবং ব্র্যাক অফিসের দক্ষিণ পাশে দুইটি বাড়ি এবং তালা থানার দলুয়া বাজারে একটি মার্কেট নির্মাণসহ বিভিন্ন স্থানে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। প্রতারক ইকতিয়ারের বাড়ি সাতক্ষীরা জেলার তালা থানার দলুয়া গ্রামে। তার নামে কেশবপুর থানায় হত্যা মামলা, নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ রয়েছে।
মন্তব্য করুন