নড়াইলের কালিয়ায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাটের গাড়িবহরে সশস্ত্র হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৭৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ /২০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৮ মে দুপুর ২টা ২০ ঘটিকার দিকে সম্রাট বেন্দারচর সোয়াবিল মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে অংশ নিতে যাওয়ার সময় তার নেতৃত্বে থাকা মোটরসাইকেল বহরের ওপর হামলা চালানো হয়। চাপাইল ব্রিজ থেকে রওনা হয়ে যোগানিয়া বাজার মোড়ে পৌঁছালে ওত পেতে থাকা হামলাকারীরা বহরে বাধা দিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় শর্টগান, বন্দুক, রামদা, লোহার রড ও লাঠিসোঁটা ব্যবহার করা হয়।
মামলার অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা বিএনপি নেতাদের বহরে থাকা ২৭টি মোটরসাইকেল এবং একটি মাইক্রোবাস ভাঙচুর ও লুটপাট করে। এ সময় নগদ টাকা, ডলার, দুটি আইফোন ১৫ প্রো ম্যাক্স ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নেওয়া হয়। এবং একটি মটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ঘটনায় ২৩ মে রাতে কালিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া মিঠু বাদী হয়ে নড়াগাতী থানায় মামলা দায়ের করেন। মামলায় নাম উল্লেখিত ৭৫ জনের মধ্যে রয়েছেন, আসজাদুর রহমান মিঠু বিশ্বাস, মতিয়ার রহমান খান, আবুল খান, ডাঃ বুলবুল কবির শেখ, সাখাওয়াত হোসেন ঝুনু, আক্তার হোসেন, খলিল মোল্যা, বাবু শেখ, সুমন বিশ্বাস, শরীফুল ইসলাম ও আরও অনেকে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “মামলাটি নিয়ম অনুযায়ী রেকর্ড করা হয়েছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় বিএনপি নেতারা এ ঘটনাকে পরিকল্পিত রাজনৈতিক হামলা বলে দাবি করেছেন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন