বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদের কার্যালয়ের মূল দরজার তালা ভেঙে কাগজপত্র তছনছ করার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২৩ মে) দিবাগত রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা কার্যালয়ের লোহার প্রধান দুটি দরজার হ্যাজবোল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা আলমারিতে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র এলোমেলো করে এবং কার্যালয়ের আসবাবপত্র তছনছ করে রেখে যায়।
এ প্রসঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক এজাজ আহমেদ বলেন, “কার্যালয়ের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে এবং বিকেলে লিখিত অভিযোগ দায়ের করা হবে। পাশাপাশি সংগঠনের জরুরি সভাও আহ্বান করা হয়েছে।”
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে মৌখিকভাবে জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য করুন