দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহন এবং পরীক্ষার্থীদের ফার্মের মুরগি সম্বোধন করা হয়েছে অভিযোগ তুলে তার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন একদল শিক্ষার্থী।
মঙ্গলবার (১৪ই জুলাই) বেলা ১১:৩০ মিনিটের দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় পরীক্ষার্থীদের এক দফা,এক দাবি শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগ; তুমি কে, আমি কে, ফার্মের মুরগি, ফার্মের মুরগি, কে বলেছে -কে বলেছে শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রী এ ধরনের স্লোগান দিতে শোনা যায়।
এদিকে এদিন রাজধানীর শাহবাগ, উত্তরা ও মিরপুরে শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন পরীক্ষার্থীরা। পাশাপাশি ঢাকার বাইরে রাজশাহী বরিশাল, কুমিল্লা, ও চট্টগ্রাম বোর্ডের সামনেও অবরোধ বিক্ষোভ করার ঘোষণা দিয়েছেন তারা। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অন্য কোথাও কোনো কর্মসূচি করার খবর পাওয়া যায়নি।


