নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় তরল নাইট্রোজেনবাহী একটি ট্রাকে বিকট শব্দে বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। পরে ট্রাকটির একটি অংশ ছিদ্র হয়ে তরল নাইট্রোজেন বের হতে শুরু করলে আশপাশের প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকা সাদা ধোঁয়া বা ঘন কুয়াশার মতো গ্যাসে আচ্ছন্ন হয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দা ও মহাসড়কে চলাচলকারী পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১১ আগস্ট) ভোর ৬টার দিকে উপজেলার বনপাড়া এলাকার মোল্লা হোটেল সংলগ্ন বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, একটি ট্রাক যশোরের বেনাপোল থেকে তরল নাইট্রোজেন নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। মোল্লা হোটেলের সামনে পৌঁছালে ট্রাকটির একটি অংশে বিকট শব্দ হয় এবং সেটি ছিদ্র হয়ে যায়। পরে ওই ছিদ্র দিয়ে তরল নাইট্রোজেন বের হতে শুরু করে।
প্রাথমিকভাবে জানা গেছে, ট্রাকটিতে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের তরল নাইট্রোজেন ছিল। পরে ট্রাকে থাকা নাইট্রোজেন সম্পূর্ণ বের হয়ে যায়।
স্থানীয় মোল্লা হোটেলের মালিক শাহেদ আলী মোল্লা জানান, ট্রাকটি হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ বিকট শব্দ হয়। মুহূর্তের মধ্যে সাদা কুয়াশার মতো ঘন গ্যাস আশপাশে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি দেখে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা নিরাপদ দূরত্বে সরে যান এবং ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
ঘটনার পর কিছু সময়ের জন্য ওই এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

