বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের গেটের সামনে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক আহত হয়েছেন। আগুনে পাশে থাকা ৮টি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটি অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পাশে থাকা ৮টি মোটরসাইকেলেও আগুন ধরে যায়।
খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর ১ টার ভিতরে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় অ্যাম্বুলেন্সের চালক আহত হন।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি


