পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আজ রবিবার (১৬ আগস্ট ২০২৬) পাকুন্দিয়ায় আয়োজিত এক কর্মসূচির অংশ হিসেবে তিনি পুরাতন ব্রহ্মপুত্র নদে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, মৎস্যজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মাছের পোনা অবমুক্তকরণের পর আয়োজিত মাছের পোনা বিতরণ ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তারেক রহমান। বক্তব্যে তিনি দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। নদী, খাল-বিল ও জলাশয়ের স্বাভাবিক পরিবেশ রক্ষা, দেশীয় প্রজাতির মাছের প্রজনন নিশ্চিত করা এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের নদ-নদী ও জলাশয়গুলো দেশের মৎস্যসম্পদের অন্যতম প্রধান উৎস। এসব জলাশয়ের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করা গেলে একদিকে যেমন মাছের উৎপাদন বাড়বে, অন্যদিকে মৎস্যজীবীসহ সংশ্লিষ্ট জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে। পরে স্থানীয় মৎস্যজীবী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারম্যান। এ সময় স্থানীয়রা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তারেক রহমান তাদের কথা শোনেন এবং মৎস্য খাতের উন্নয়ন ও স্থানীয় মানুষের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগের আশ্বাস দেন। জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে মাছের পোনা অবমুক্ত ও বিতরণের মাধ্যমে স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের সংরক্ষণ এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনার বিষয়ে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়। কর্মসূচিকে ঘিরে পাকুন্দিয়ার পুরাতন ব্রহ্মপুত্র নদ এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বিপুলসংখ্যক মানুষ এতে অংশ নেন এবং প্রধান অতিথি তারেক রহমানকে শুভেচ্ছা জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন