জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে রবিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
দিনের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালি শেষে পৌর পার্ক পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন অতিথিরা। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মাসুদুর রহমান মোল্লা।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাশেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর-২ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল করিম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল। সভায় বক্তারা বৈজ্ঞানিক ও টেকসই মাছ চাষের আধুনিক প্রযুক্তি প্রয়োগ এবং মুক্ত জলাশয় সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শেষ পর্বে মৎস্য খাতে বিশেষ অবদান, পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার ও রেকর্ড উৎপাদনের স্বীকৃতিস্বরূপ সফল মৎস্যচাষী ও উদ্যোক্তাদের হাতে সম্মাননা স্মারক এবং সেরা মৎস্য পুরস্কার তুলে দেওয়া হয়।


