যশোর শহরের কোতোয়ালি থানার অন্তর্গত চুরামনকাটি ছাতিয়ানতলা এলাকায় আজ শনিবার (২৪ মে) সকাল ৬টার দিকে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
নিহত পুলিশ সদস্যের নাম কনস্টেবল ফজলুল হক। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আটরা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ক্ষুদ্র রয়রা গ্রামে।
আহতদের মধ্যে রয়েছেন—মামুন (৩২), পিতা: শামসুল হক এবং রিয়াল, পিতা: ইমান উদ্দিন। উভয়ের বাড়ি ঝিনাইদহ জেলার কাশীপুর, কোট চাঁদপুর এলাকায়। মামুন একটি এনজিও সংস্থা ‘শিশুনিলয়’-তে চাকরি করেন এবং রিয়াল তাঁর শালা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে কনস্টেবল ফজলুল হক মোটরসাইকেল চালিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। অপরদিকে মামুন ও রিয়াল মোটরসাইকেলযোগে যশোরের দিকে আসছিলেন। ছাতিয়ানতলা এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হন তিনজনই।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফজলুল হককে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
মন্তব্য করুন