চট্টগ্রামে র্যাব-৭ এর মাদকবিরোধী অভিযানে মীরসরাই থানা এলাকা থেকে ৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজন মাদক কারবারিকে গ্রেফতার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি পিকআপযোগে মাদকদ্রব্য চট্টগ্রাম শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে শনিবার (২৪ মে) সকাল ১০টায় মীরসরাই উপজেলার সরকার টোলার মাহি এন্টারপ্রাইজের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।
চেকপোস্টের দিকে আসা একটি সন্দেহভাজন পিকআপ থামানোর সংকেত দিলে সেটি ব্যারিকেডের সামনে থামে। এসময় গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা দুইজনকে তাৎক্ষণিকভাবে আটক করে। পরে পিকআপ তল্লাশি করে নীল ত্রিপল মোড়ানো দুটি বস্তা ও কয়েকটি পলিথিন ব্যাগে থাকা ৩০ কেজি গাঁজা এবং ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বেশি দামে বিক্রি করতো। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।
আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে মীরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন