পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা এসএম শাহজাদার বিরুদ্ধে আদালত দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন। এ সংক্রান্ত আদেশ ১৭ মে পটুয়াখালীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মামুন-অর-রশীদ প্রদান করলেও বিষয়টি ২১ মে (বুধবার) প্রকাশ্যে আসে।
জানা গেছে, দশমিনা থানার একটি রাজনৈতিক সহিংসতার মামলায় তদন্তকারী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ গত ১৪ মে আদালতে আবেদন করেন, যাতে অভিযুক্তদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ জানানো হয়। এর প্রেক্ষিতে আদালত এসএম শাহজাদাসহ মোট চারজনের বিরুদ্ধে এই আদেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ মার্চ দশমিনার বেতাগী সানকিপুর ইউনিয়নে বিএনপির ইউনিয়ন কাউন্সিল চলাকালে হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, বিকেল ৪টার দিকে কাউন্সিল চলার সময় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে হামলা চালায়, যার ফলে বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী আহত হন। এ ঘটনায় প্রায় দুই বছর পর, ২০২৫ সালের ১৩ মার্চ, সাবেক এমপি শাহজাদাসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি করে মামলা দায়ের করে বিএনপি।
উল্লেখ্য, এসএম শাহজাদা সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার ভাগ্নে এবং ২০১৮ সালে প্রথমবারের মতো আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় সংসদে নির্বাচিত হন।
এর আগে একই ধরনের অভিযোগে পটুয়াখালীর সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য কাজী হেলেন ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সাবেক এমপি মহিবুবুর রহমানের বিরুদ্ধেও দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।
মন্তব্য করুন