চলতি বছরের এসএসসি ও সমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। ফল প্রকাশের তারিখ চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। তবে চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা চলছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড কমিটি। শনিবার (১৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকতারুজ্জামান।
তিনি জানান শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডাঃ
আ ন ম এহসানুল হক মিলন ২০ জুলাই ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন। সে অনুযায়ী শিক্ষা বোর্ডগুলো প্রয়োজনীয় প্রস্তুতিও নিয়েছিল। তবে সাম্প্রতিক প্রশাসনিক ব্যস্ততার কারণে, ফল প্রস্তুতের কাজ নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি। ফলে ফল প্রকাশে কয়েকদিন বিলম্ব হচ্ছে। চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ সম্ভাব হবে কিনা -এমন প্রশ্নের জবাবে বোর্ড চেয়ারম্যান বলেন, ইনশাআল্লাহ চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ করতে পারবো বলে আশা করছি।
এর আগে গত ১৫ জুন এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডাঃ আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছিলেন, ২০ জুলাই এর মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। একই সঙ্গে তিনি বলেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলও পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে প্রকাশের লক্ষ্য রয়েছে।
বোর্ড সূত্রে জানা যায়, এবছর দেশের ১১ টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছিলেন ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এরমধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে ২০০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।


