বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিয়াখালী বাজার সংলগ্ন ফাযিল মাদ্রাসার নবনির্মিত ভবনের দেয়াল ধসে চাপা পড়ে আতিয়ার নামের এক শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসা ভবনের নির্মাণ কাজ চলাকালীন হঠাৎ একটি দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই কাজ করতে থাকা শ্রমিক আতিয়ার মাটির নিচে ও দেয়ালের ধ্বংস্তূপের নিচে চাপা পড়েন। দুর্ঘটনা ঘটার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং পরবর্তীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্ধার অভিযান পরিচালনা করে।
ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভবন নির্মাণের মান ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয়দের মনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।


