পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নড়াইলে অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নে এক অনুষ্ঠানের মাধ্যমে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু। তিনি ব্যক্তিগতভাবে এবং সরকারের পক্ষ থেকে উপস্থিত সাধারণ মানুষের হাতে এই অনুদানের নগদ অর্থ তুলে দেন।
বিতরণকালে সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী সবসময় সাধারণ মানুষের পাশে আছেন। পবিত্র ঈদুল ফিতর যেন সবাই আনন্দ ও উৎসবের সাথে পালন করতে পারে, সেজন্যই এই বিশেষ আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। আমাদের মূল লক্ষ্য হলো এলাকার কোনো মানুষ যেন উৎসবের আনন্দ থেকে বঞ্চিত বা অবহেলিত না থাকে।”
তিনি আরও বলেন, এলাকার সামগ্রিক উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের আপদে-বিপদে বর্তমান সরকার সবসময় পাশে থাকবে এবং ভবিষ্যতে এই ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারা অব্যাহত রাখা হবে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই বিতরণ কর্মসূচিতে স্থানীয় সরকারি কর্মকর্তাবৃন্দ এবং অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই বিশেষ আর্থিক সহায়তা পেয়ে এলাকার দুস্থ ও অসহায় মানুষেরা প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


