ঝালকাঠির নলছিটিতে রোগী নিয়ে ঢাকাগামী একটি বেসরকারি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেছে।
সোমবার (২৭ জুলাই) সকালে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক সড়কের রায়াপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঝালকাঠি সদর থেকে একজন রোগীকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। রায়াপুরে পৌঁছালে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছে ধাক্কা মেরে খাদে উল্টে যায়।
খবর পেয়ে পুলিশ ও এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও স্বজনদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে।
আহত ব্যক্তির নাম ফজলুল হক। বাড়ি ঝালকাঠি সদরের পালবাড়ি এলাকায়। নিয়মিত চিকিৎসার জন্য তিনি ঢাকায় যাচ্ছিলেন। দুর্ঘটনায় তার এক পা ভেঙে গেছে। তাকে এখন অন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।
নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গেছে। গাড়িটি উদ্ধারের কাজ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


