জলবায়ু সহনশীলতায় মোংলায় ব্রাকের ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলীয় এলাকার মানুষের জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং পারিবারিক পুষ্টি ও বাড়তি আয়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে মোংলায় ব্র্যাকের ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল ইনোভেশন প্রোগ্রামের ‘রেইন ফর লাইফ’ প্রকল্পের আওতায় বসতবাড়িতে গাছ লাগানোর উদ্যোগের অংশ হিসেবে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
মোংলার উপজেলার ব্রাম্মণমেঠ জগন্নাথ মন্দির প্রাঙ্গণে এই চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। রয়্যাল ড্যানিশ দূতাবাসের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের উদ্যোগে চারা বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক প্রকল্পের অপারেশন ম্যানেজার প্রকাশ চন্দ্র বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার হাওলাদার এবং ধরণী রক্ষায় আমরা (ধরা)-এর কেন্দ্রীয় নেতা মো. নূর আলম শেখ। এছাড়া ব্র্যাকের কর্মকর্তা তৃপ্তি সরদার, রাশেদ খান ও মাসুম মিয়াসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শারমিন আক্তার সুমী বলেন, “মোংলা একটি জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চল। এখানকার মানুষকে নিয়মিত লবণাক্ততা ও ঘূর্ণিঝড়ের মোকাবিলা করতে হয়।”
তিনি আরও বলেন, “সরকার আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছে। সরকারি-বেসরকারি সবার সহযোগিতায় এটি সম্ভব। ব্র্যাকের এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। তবে শুধু গাছ লাগালেই হবে না, এর যত্ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বও আমাদের নিতে হবে।”
উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার হাওলাদার বলেন, “উপকূলের লবণাক্ত মাটিতে সব ধরনের গাছ টিকে না। তবে সফেদা, কদবেল ও মেহগনি এই পরিবেশের জন্য উপযোগী। সঠিক নিয়মে চারা রোপণ ও পরিচর্যা করলে দ্রুত বেড়ে উঠবে।”
কৃষি বিভাগের পক্ষ থেকে তিনি জানান, “আমরা কৃষকদের সব ধরনের কারিগরি পরামর্শ ও সহযোগিতা দিতে প্রস্তুত আছি।”
জানা গেছে, এই প্রকল্পের আওতায় ব্র্যাক মোংলার চাঁদপাই, চিলা, মিঠাখালী ও সোনাইলতলা ইউনিয়নের প্রায় ৩ হাজার ৭৫০ জন উপকারভোগীর মাঝে সফেদা, কদবেল ও মেহগনি প্রজাতির প্রায় ১২ হাজার গাছের চারা বিতরণ করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও জনগণকে সম্পৃক্ত করে এই কার্যক্রম উপকূলে দীর্ঘমেয়াদে জলবায়ু সহনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

নিজেরাই হবেন প্রাথমিক চিকিৎসার সহায়: দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে প্রশিক্ষণ ও ফার্স্ট এইড কিট বিতরণ

পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও