পাবনার আটঘরিয়া উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় নায়েব আলী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জালালের ঢাল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নায়েব আলী উপজেলার সিংহরিয়া গ্রামের মৃত বাহাদুর খাঁর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার সকালে সাইকেলে করে দুধ বিক্রির উদ্দেশ্যে জালালের ঢাল এলাকায় আসেন নায়েব আলী। এ সময় তিনি রাস্তা পার হওয়ার চেষ্টা করলে আটঘরিয়া বাজার থেকে ছেড়ে আসা একটি ওষুধ কোম্পানির কাভার্ডভ্যান দ্রুতগতিতে এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি পাকা রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত নায়েব আলী দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সচেতন মহল শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং সড়কে যানবাহন চলাচলে আরও সতর্কতা ও নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।


