খুলনার কয়রা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন কয়রা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল আলম। ১৮ আগস্ট (মঙ্গলবার) বেলা ১২টায় কয়রা প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কয়রা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের প্রতিনিধি শেখ হারুন অর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও এনটিভির প্রতিনিধি তরিকুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত ওসি রাশিদুল আলম।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কয়রা প্রেসক্লাবের সাবেক সভাপতি সদর উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক খোলা কাগজের প্রতিনিধি কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান এবং দপ্তর সম্পাদক ও দৈনিক তথ্য কয়রা প্রতিনিধি রেজওয়ানুল হক।
মতবিনিময় সভায় বক্তারা কয়রার আইনশৃঙ্খলা পরিস্থিতি, ক্রমবর্ধমান মাদক ব্যবসা, অনলাইন জুয়ার বিস্তার ও চুরি-ছিনতাই প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক অপরাধ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে নবাগত ওসি রাশিদুল আলম বলেন, আমি শাসক হিসেবে নয়, কয়রার সাধারণ মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। মাদক, অনলাইন জুয়া ও চুরির মতো অপরাধ দমনে পুলিশের অভিযান জিরো টলারেন্স নীতিতে পরিচালিত হবে। কয়রাকে অপরাধমুক্ত রাখতে বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানাচ্ছি।
সভাপতির বক্তব্যে কয়রা প্রেসক্লাবের সভাপতি শেখ হারুন অর রশিদ বলেন, উপকূলীয় এই শান্ত জনপদে মাদক ও অনলাইন জুয়ার অশুভ থাবা তরুণ সমাজকে ধ্বংস করছে। পাশাপাশি সাম্প্রতিক চুরি-ছিনতাই সাধারণ মানুষের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এবং অপরাধ দমনে কয়রা প্রেসক্লাবের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করবে।
সভায় কায়রা প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন এবং তাঁরা কয়রার সার্বিক সামাজিক সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


