লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে প্রচার-প্রচারণা ও রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা জমে উঠেছে। বিশেষ করে রায়পুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সংগ্রামী সভাপতি এ বি এম জিলানীকে ‘আগামীর পৌর মেয়র’ এবং ‘জনতার মেয়র’ হিসেবে উল্লেখ করে স্থানীয় নেতাকর্মীদের ফেসবুক পোস্ট ও প্রচারণা এখন পুরো পৌরসভা জুড়ে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আইডি এবং গ্রুপ থেকে সাবেক এই মেয়রের সমর্থনে বেশ কিছু পোস্ট শেয়ার হতে দেখা যাচ্ছে। পোস্টে তাকে ‘জননন্দিত জননেতা’ আখ্যা দিয়ে আগামী নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে রাখার এক ধরনের সুপ্ত প্রতিযোগিতা লক্ষ্য করা গেছে।
সাধারণ ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের এই আগাম ও রহস্যজনক পোস্ট মূলত মাঠ পর্যায়ে নিজেদের প্রার্থীর অবস্থান শক্ত করা এবং জনমত যাচাইয়ের একটি কৌশল। তৃণমূলের নেতাকর্মীদের একাংশ মনে করছেন, সাবেক সফল মেয়র হিসেবে তাঁর পূর্বের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং দলের প্রতি ত্যাগকে সামনে রেখেই সাধারণ মানুষের মাঝে এই প্রচারণা চালানো হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় এক রাজনৈতিক কর্মী জানান, “এ বি এম জিলানী ভাই রায়পুর পৌরসভার সাবেক সফল মেয়র এবং বর্তমানে পৌর বিএনপির হাল ধরে আছেন। নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে তাঁর একটি শক্ত অবস্থান রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের এই জোয়ার তারই বহিঃপ্রকাশ।”
পৌরসভার সাধারণ ভোটাররা এই আগাম প্রচারণাকে ইতিবাচক হিসেবেই দেখছেন। তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে বিএনপির চূড়ান্ত কৌশল কী হয় এবং এই প্রচারণার রেশ ভোটের মাঠ পর্যন্ত কতটুকু প্রভাব ফেলে, তা দেখার জন্য আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।


