চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে খালাস করা ইলেকট্রনিকস পণ্য পরিবহনের সময় একটি ট্রাকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালামাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) ভোররাত ৫টার দিকে পতেঙ্গা থানার ১০ নম্বর ঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয় বলে জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বিএন সুমন আল মুকিত।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে একটি চক্র বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে ইলেকট্রনিকস সামগ্রী নামিয়ে শুল্ক পরিশোধ না করেই সেগুলো বাজারে সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি জোরদার করা হয় এবং বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে বিভিন্ন ধরনের ইলেকট্রনিকস পণ্য পাওয়া যায়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে একটি রেফ্রিজারেটর, একটি ডিপ ফ্রিজ, দুটি ওয়াশিং মেশিন, একটি পোর্টেবল এয়ার কন্ডিশনার, চারটি পূর্ণাঙ্গ এসি ইউনিট এবং একটি আউটডোর এসি ইউনিট। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫২ হাজার ৮০০ টাকা।
এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয় এবং এর সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বিএন সুমন আল মুকিত জানান, জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, উপকূলীয় অঞ্চলে চোরাচালান ও শুল্ক ফাঁকি প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


