বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্টের শ্রমিক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের আওতাধীন কর্মচারী কল্যাণ ট্রাস্ট বিভাগীয় কমিটির শ্রমিক প্রতিনিধি নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) ভোটগ্রহণ শেষে ভোট গণনা সম্পন্ন করে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে ‘ক’ গ্রুপে বই প্রতীক নিয়ে মো. আরিফ হোসেন ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই গ্রুপে গরুর গাড়ি প্রতীক নিয়ে শাহনেওয়াজ আলীম ৪৫ ভোট এবং আম প্রতীক নিয়ে রোবাইয়াৎ-ই-হাসান ২১ ভোট পেয়েছেন।
‘খ’ গ্রুপে চেয়ার প্রতীক নিয়ে মনিরুল ইসলাম ৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাছ প্রতীক নিয়ে মো. সোহেল রানা ৬৬ ভোট লাভ করেন।
অন্যদিকে ‘গ’ গ্রুপে মোরগ প্রতীক নিয়ে সুমন আলী ২৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই গ্রুপে ছাতা প্রতীক নিয়ে মামুন আর রশিদ পেয়েছেন ৫৮ ভোট।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। নবনির্বাচিত প্রতিনিধিরা কর্মচারীদের কল্যাণে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রকাশিত ফলাফল অনুযায়ী, পার্বতীপুর কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ছিল ৭৪২ জন। এর মধ্যে ৫৬৮টি ভোট গ্রহণ করা হয়। অপ্রদত্ত ব্যালট ছিল ১৮২টি এবং ২টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন