“রূপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষ্যে মৎস্য সম্পদ সংরক্ষণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ আগস্ট ২০২৬ (সোমবার) উপজেলা পরিষদ পুরাতন হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা মৎস্য অফিসার এ জেড এম তৌহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গণি, উপজেলা যুব উন্নয়ন অফিসার রিয়াজ উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সুশান্ত কুমার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস।
সভায় বক্তব্য প্রদানকালে বক্তারা উপজেলার মৎস্য সম্পদ রক্ষা, উৎপাদন বৃদ্ধি এবং প্রজনন মৌসুমে মাছ সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া দেশীয় মাছের প্রজাতি রক্ষা ও আধুনিক প্রযুক্তিতে মৎস্যচাষ বৃদ্ধিতে স্থানীয় খামারিদের প্রয়োজনীয় সব ধরণের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
উপজেলার মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবহারের ওপর গুরুত্ব রেখে আয়োজিত এ মতবিনিময় সভা শেষে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য দপ্তরের প্রতিনিধি ও এলাকার নিবন্ধিত মৎস্যচাষীবৃন্দ উপস্থিত ছিলেন।

