জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সাম্য, মানবতা ও প্রকৃতিপ্রেমের চেতনাকে ধারণ করে নজরুল বর্ষ উপলক্ষে বাগেরহাটের চিতলমারীতে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ডাক দিয়ে যাই’-এর উদ্যোগে সদস্যদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) চিতলমারী উপজেলা শাখা কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে সংস্থাটির ৪০ জন সদস্যের প্রত্যেকের মাঝে পাঁচটি করে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। কর্মসূচির মাধ্যমে সদস্যদের নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশের এলাকায় বৃক্ষরোপণে উৎসাহিত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা সৃষ্টি করার উদ্যোগ নেওয়া হয়।
বিতরণ করা চারার মধ্যে ছিল পেয়ারা, আমড়া, লেবু, শিরীষ ও আমলকীসহ বিভিন্ন ফলজ ও বনজ প্রজাতির গাছ। প্রতিটি সদস্যকে পাঁচটি করে চারা দেওয়ায় মোট ২০০টি গাছের চারা বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, বৃক্ষ আমাদের পরিবেশের অন্যতম প্রধান সম্পদ। গাছ শুধু মানুষের খাদ্য ও ফলের চাহিদা পূরণ করে না, পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ু বিশুদ্ধকরণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নজরুল বর্ষের তাৎপর্যকে সামনে রেখে সদস্যদের মধ্যে চারা বিতরণের মাধ্যমে সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাক দিয়ে যাই-এর চিতলমারী উপজেলা শাখার ম্যানেজার বিকাশ চন্দ্র বসু, এলাকা ব্যবস্থাপক পার্থ মন্ডল, গোরা নালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো:ইমরানুজ্জামান, এবং সংস্থাটির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় কর্মকর্তারা সদস্যদের মাঝে চারা গাছগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার আহ্বান জানান। পাশাপাশি প্রত্যেক সদস্যকে নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণে অন্যদেরও উৎসাহিত করার পরামর্শ দেওয়া হয়।
স্থানীয়রা জানান, বর্তমান সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিয়মিতভাবে এমন উদ্যোগ গ্রহণ করা হলে একদিকে যেমন সবুজায়ন বৃদ্ধি পাবে, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে।
ডাক দিয়ে যাই এর এমন উদ্যোগকে স্থানীয়ভাবে পরিবেশবান্ধব ও জনসচেতনতামূলক একটি প্রশংসনীয় কর্মসূচি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

