মাগুরার মহম্মদপুরে তিন বছরের এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুর দুই চাচাকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার বেথুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির নাম হিরা খাতুন (৩)।
শিশুটির বাবা হিরু মোল্লার অভিযোগ, বেশ কিছুদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল তার দুই ভাইয়ের সঙ্গে। শত্রুতাবশত এই ভাইয়েরাই হত্যা করেছে তার তিন বছর বয়সি শিশুকন্যাকে।
মৃত শিশুটির মা বন্যা খাতুন বলেন, ‘বিকালে ছোট মেয়ে হিরা ঘুম থেকে উঠে খাবার চাচ্ছিল। আমি রান্না করে তাকে খেতে দেই। এর মধ্যে বড় মেয়ের খোঁজ পাচ্ছিলাম না। পরে তাকে খুঁজতে যাই। তাকে খুঁজে পেলেও এসে দেখি ঘরের পাশে ছোট মেয়ের লাশ পড়ে আছে।’
বন্যা খাতুন আরও জানান, তার স্বামী আইস্ক্রিম বিক্রি করে। মাঝেমধ্যেই ব্যবসার কাজে বাইরে চলে যান তিনি। স্বামীর সঙ্গে তার ভাইদের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে প্রায়ই তার শ্বশুর-শাশুড়ি ও দেবররা স্বামীকে মারধর করে। তারাই তার মেয়েকে কুপিয়ে হত্যা করেছে।
এ ব্যাপারে মহম্মদপুর থানার ওসি বোরহানুল ইসলাম বলেন, ‘শিশুটির মাথা ও শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’
এ ঘটনায় শিশুটির দুই চাচা ফারুক মোল্লা ও আলিম মোল্লাকে আটক করা হয়েছে জানিয়ে ওসি বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির দুই চাচাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহভাজন অন্যরা পলাতক।’
মন্তব্য করুন