চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট রেলগেট এলাকায় জামাল কোম্পানির কালো তেলের ডিপোতে দুর্ঘটনায় একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রথমে এক শ্রমিক ডিপোর ভেতরে নামার পর সাড়া না পেলে আরও তিনজন একে একে নামেন। পরে তাদেরও কোনো সাড়া না পাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। সীতাকুণ্ড কুমিরা ফায়ার স্টেশনের লিডার পিপলু আহমেদ জানান, অক্সিজেন স্বল্পতায় শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন।
ফায়ার সার্ভিস সদস্যরা চারজনকেই মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে আনার পর একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে—মীর আহম্মদ (২৮) ও মো মোস্তফা কামাল (৩৫)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানিয়েছেন, আহতদের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করে তাদের শরীরে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। নিহত শ্রমিকের পরিচয় এখনো জানা যায়নি।
মন্তব্য করুন