চট্টগ্রাম ও বান্দরবানে পৃথক দুটি বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুই তরুণের করুণ মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) সন্ধ্যায় এ দুর্ঘটনাগুলো ঘটে। বান্দরবানের লামা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের লাইনঝিরি এলাকায় ব্রডব্যান্ড ও ওয়াইফাই সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান মোহাম্মদ শওকত ইসলাম বাবু (২১)। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের উজির আলী গ্রামের মো. আমিনুল হকের ছেলে। স্থানীয়রা জানান, সন্ধ্যায় খুঁটিতে উঠে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎ লাইনের তারের সংস্পর্শে আসেন বাবু। সঙ্গে থাকা সহকর্মীরা ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লামা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সোলেমান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে লামা থানা অবহিত করা হয়েছে। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অন্যদিকে, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বক্তপুর ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর রহমানিয়া মুহাম্মদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র আবরারুল আমিন ইফহান (১৬) দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। তিনি বক্তপুর এলাকার মৌলানা ফজলুল আমিন গুন্নুর ছেলে। জানা গেছে, দুপুরে বন্ধু মিজানের বাসায় বিশ্রাম নিতে যান ইফহান। তখন বিদ্যুৎ না থাকায় দুজনেই মেঝেতে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। কিছুক্ষণ পর মিজান চলে গেলে ইফহান একা থেকে যান। সন্ধ্যায় মিজান ফিরে এসে দরজা খুলেই তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। ডাকতে গিয়ে মিজান নিজেও বৈদ্যুতিক শকে আক্রান্ত হন এবং বুঝতে পারেন ইফহান বিদ্যুতায়িত হয়েছে। দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে স্থানীয়দের সহায়তায় চিকিৎসক ডেকে আনেন। তবে চিকিৎসক ইফহানকে মৃত ঘোষণা করেন। মিজান জানান, তিনি টেবিল ফ্যান চালানোর জন্য ফ্লোর দিয়ে একটি বৈদ্যুতিক তার টেনেছিলেন। সেই তারেই জড়িয়ে মৃত্যু হয় ইফহানের। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার স্থানে তার শরীরের দাগ পাওয়া গেছে। স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ শহিদ উভয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন