চট্টগ্রাম মহানগরের আইনশৃঙ্খলা রক্ষায় ধারাবাহিক সাফল্যের জন্য তৃতীয়বারের মতো ‘সেরা অফিসার ইনচার্জ (ওসি)’ নির্বাচিত হয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন। মঙ্গলবার (২০ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কমিশনার হাসিব আজিজের সভাপতিত্বে তাকে এই সম্মাননা দেওয়া হয়।
ওসি আফতাব উদ্দিন দায়িত্ব নেওয়ার পর চান্দগাঁও থানায় মাদক, সন্ত্রাস, ছিনতাই, জুয়া ও নারী নির্যাতন প্রতিরোধে কার্যকর অভিযান পরিচালিত হয়। তার নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটেছে এবং জনমনে আস্থা সৃষ্টি হয়েছে।
প্রশাসনিক দায়িত্বে তিনি কঠোরতা ও মানবিকতার সমন্বয় ঘটিয়ে জনবান্ধব পরিবেশ নিশ্চিত করেছেন। থানায় অভিযোগ গ্রহণে আন্তরিকতা, দ্রুত সেবা নিশ্চিত করা এবং মাদকবিরোধী প্রচারসহ সামাজিক সচেতনতায় তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।
ওসি আফতাব উদ্দিন বলেন, “এই অর্জন আমার একার নয়, পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল।” সিএমপির নির্দেশনা মেনে কাজ করে ভবিষ্যতেও দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তার নেতৃত্ব আজ অনেকের কাছেই একটি আদর্শ মডেল।
মন্তব্য করুন