একাধিকবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী রফিকুল ইসলাম মহিলা কলেজের এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ বছর মোট ৭২৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। রোববার (২২ জুন) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে. এম. মামুনুর রশীদ। কলেজের অধ্যক্ষ মো. শহীদুল্লাহ্-এর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কে. এম. মামুনুর রশীদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা জীবনের প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ। লক্ষ্য নির্ধারণ করে অধ্যবসায় ও সততার সঙ্গে এগিয়ে গেলে সাফল্য অর্জন সম্ভব। তিনি শিক্ষার্থীদের দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এছাড়া তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও আসন্ন এইচএসসি পরীক্ষায় সাফল্য কামনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


