কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির নবনিযুক্ত সভাপতি মোঃ এমদাদুল হক ধীমানের সভাপতিত্বে প্রথম সভা, শুভেচ্ছা বিনিময় এবং দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত সভাপতি মোঃ এমদাদুল হক ধীমানকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে মোঃ এমদাদুল হক ধীমান বলেন, “একটি জাতির অগ্রগতি ও টেকসই উন্নয়নের প্রধান ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। তাই শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হলে আধুনিক, যুগোপযোগী ও কার্যকর শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেলেও কাঙ্ক্ষিত মান নিশ্চিত করার ক্ষেত্রে এখনও চ্যালেঞ্জ রয়েছে। আর এ চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষকদের দক্ষতা, আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকার কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তুলতে হবে। অভিভাবকদের সচেতন করার ক্ষেত্রেও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল ও দরদি মনোভাব নিয়ে পাঠদান করতে হবে এবং আধুনিক শিক্ষাদান পদ্ধতির যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।”
সভাপতি বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সফলতা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সমাজের সম্মিলিত প্রচেষ্টার ওপর নির্ভরশীল। তাই বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত খোঁজখবর নেওয়া এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
সভায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও আধুনিক, গতিশীল ও যুগোপযোগী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
আলোচনা শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সফল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।


